২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপ ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 03:22 PM

Updated : 09 Sep 2022, 03:50 PM

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, শুক্রবার সকালে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির মা ও নানা আহত হয়েছে।

মৃত সিজান কালীগঞ্জের ছোট শিমলা গ্রামের শিহাবউদ্দিনের ছেলে।

ওসি বলেন, সকালে ছেলে নিয়ে স্বামীর মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শান্তা খাতুন। পথে ঝিনাইদহগামী একটি পিকআপ ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।

“এতে মায়ের কোল থেকে শিশুটি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।