কুমিল্লায় বিএনপি-জামায়াতের তিন প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লার ১১টি আসনের মধ্যে তিনটি থেকে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন; যাদের মধ্যে বিএনপির একজন, জামায়াতে ইসলামীর দুইজন আছেন।
মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন সোমবার দুইজন এবং রোববার তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন- কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী ও ইসলামী আন্দোলনের প্রার্থী সেলিম মাহমুদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত মনোনীত শফিকুল আলম হেলাল এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন।
সোমবার বিকালে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাইউমুল হক রিঙ্কুসহ নেতারা উপস্থিত ছিলেন।
একইদিন কুমিল্লা-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর পক্ষে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীরসহ পাঁচ নেতা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নার্গিস সুলতানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
একইদিন ওই আসানে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সেলিম মাহমুদের পক্ষে তারা সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
এ ছাড়া রোববার কুমিল্লা-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলাল এবং স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিনের পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
জামায়াতে ইসলামীর প্রার্থী সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, “নির্বাচনে আমাদের আসন পরিচালকসহ দুই উপজেলা ও পৌর জামায়াতের আমীরসহ পাঁচজন আমার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনি কার্যক্রম ভালোভাবেই এগিয়ে চলেছে। আশা রাখছি, এবার ভালো ফলাফল পাব ইনশাল্লাহ।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে সালের ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ১১ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।
