১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ঋণ দেওয়ার কথা বলে ‘৮২ লাখ টাকা আত্মসাৎ’, গ্রেপ্তার ২

সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি এক হাজার ৪০০ মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।

ময়মনসিংহে ঋণ দেওয়ার কথা বলে ‘৮২ লাখ টাকা আত্মসাৎ’, গ্রেপ্তার ২
গ্রেপ্তার মো. সাজেদুল ইসলাম।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2025, 07:10 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই থেকে একজন এবং একই রাতে ঈশ্বরগঞ্জ থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৪ ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. নাজমুল ইসলাম।

শনিবার বিকালে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) এবং একই উপজেলার তাসলিমা আক্তার (৩৫)।

নাজমুল ইসলাম বলেন, সাজেদুল ও তাসলিমা ফুলবাড়িয়ায় নিজেদের ‘জনশক্তি’ নামের ঋণ প্রদানকারী অফিসের বড় পদে চাকরি করার কথা বলে ভুয়া পরিচয়পত্র এবং জাল নথিপত্র তৈরি করেন। 

তারা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঋণ দিবে বলে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তারা মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। 

গত ২৪ এপ্রিল সকালে গ্রাহকদের অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান বলে জানান নাজমুল ইসলাম।

এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী মোছা. ফারহানা খাতুন থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব কর্মকর্তা নাজমুল ইসলাম।