১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘তুলে নেওয়ার’ ৫ বছর পর ফিরলেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর তার মুক্তি মিলল।

‘তুলে নেওয়ার’ ৫ বছর পর ফিরলেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা
মাইকেল চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2024, 09:09 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

‘তুলে নেওয়ার’ পাঁচ বছর পর ফিরে এসেছেন ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা।

বুধবার বিকালে এক বিবৃতিতে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। এরপর থেকে তার কোনো হদিস মিলেনি।

মাইকেল চাকমাকে উদ্ধারের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠন, প্রগতিশীল ও মানবাধিকার সংগঠন, শিক্ষক-নাগরিক সমাজসহ পরিবারের লোকজন নানা কর্মসূচি পালন করেছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করে মাইকেল চাকমার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

পাশাপাশি নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাই কোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও এতদিন সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাইকেল চাকমাকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত ‘আয়নাঘর’ এ আটকে রাখা হয়েছিল। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর তার খোঁজ মিলল।

ইউপিডিএফের কেন্দ্রীয় সহসভাপতি নুতন কুমার চাকমা এক বিবৃতিতে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশে মাইকেল চাকমাকে তুলে নিয়ে দীর্ঘ পাঁচ বছরের অধিক বন্দি করে রাখে।” 

তিনি এ কাজের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।

তিনি মাইকেল চাকমার সন্ধান ও তাকে উদ্ধারের দাবিতে যেসব ব্যক্তি ও সংগঠন সাহায্য-সহযোগিতা, প্রতিবাদসহ নানা কর্মসূচি পালন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

নুতন কুমার বলেন, “আগামীতে দেশে গুমের মত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

অবিলম্বে কারাগারে আটক ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমাসহ সব রাজবন্দিদেরও মুক্তি দেওয়ার দাবি জানান নুতন কুমার চাকমা।

আরও পড়ুন:

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা 'নিখোঁজ'