‘কৌতূহলবশত’ ট্রাভেল ব্যাগ খুলতেই বেরিয়ে এল খণ্ডিত লাশ
“দুর্বৃত্তরা তাকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে ফেলে পালিয়ে গেছে।”
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে স্টেশন রোড এলাকার হাজীর বিরিয়ানি হোটেলের সামনের রাস্তা থেকে মরহেটি উদ্ধার করা হয় বলে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান।
নিহত ব্যক্তি পুরুষ। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী বলছে, সকালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন ব্যক্তি ‘কৌতূহলবশত’ ব্যগটি খুলতেই ভেতরে মানব দেহের খণ্ডিত অংশ দেখতে পায়।
ওসি ফরিদুল ইসলাম বলেন, “নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে আটটি টুকরা করে ওই ব্যাগের মধ্যে ভরে ফেলে পালিয়ে গেছে।”
নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
