২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানকে দেখতে সকাল থেকে বগুড়ার জনসভায় ৭০ বছরের আলী

প্রিয় নেতাকে সামনাসামনি দেখতে অনেক নেতাকর্মী চিড়া-গুড় নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

জিয়া শাহীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 06:38 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

প্রায় ১৯ বছর পর জন্মস্থান বগুড়ায় আসছেন তারেক রহমান। তার আগমন ঘিরে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজন করা হয়েছে নির্বাচনি জনসভা। বৃহস্পতিবার রাতে এ মাঠে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রিয় নেতাকে দেখতে সকাল থেকে মাঠে অপেক্ষা করছেন শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুরের বাসিন্দা ৭০ বছর বয়সি হযরত আলী। ধানের শীষ দিয়ে মোড়ানো অটোরিকশা এবং ধানের শীষ দিয়ে বানানো জ্যাকেট শরীরের জড়িয়ে এসেছেন তিনি।

হযরত আলী এ প্রতিবেদককে বলেন, “হামার বগুড়ার ছোল তারেক রহমান আসবে। কাছ থেকে দেখমু, তাই সকলাই আলাম। আগে জিয়াউর রহমানে সঙ্গে হাত মিলাছুনা। এবার তার ব্যাটার সঙ্গে হাত মিলাবার জন্য আসনু।”

জনসভাস্থলে ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন লোকজন নিয়ে উপস্থিত হয়েছেন। তখন দুপুর একটা। নন্দীগ্রাম উপজেলার ওলামা দলের নেতা তোহাও এসেছেন একই সময়। তাদের ভাষ্য, জনসভা রাতে হলেও দুপুর পর আর মাঠের সামনে জায়গা পাওয়া যাবে না। তাই আগেই চলে এসেছেন কর্মীদের নিয়ে। 

তারেক রহমানকে সামনাসামনি দেখবেন বলে চিড়া-গুড় নিয়ে আগেই মাঠে উপস্থিত হয়েছেন তোহা।

জনসভাস্থল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও আশপাশে লাগানো হয়েছে অন্তত ৬০টি মাইক। রাতে জনসভা হবে তাই লাইটিং ব্যবস্থাও করা হয়েছে। জনসভা মঞ্চের আশপাশে লাগানো হয়েছে তারেক রহমানের বিশাল বিশাল ব্যানার। 

শহরে ঘুরছে লাল-সবুজ রঙের ভোটের গাড়ি। তাতে বাজানো হচ্ছে ভোটের গান। শহরে জনসমাবেশ হবে ভেবে আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে এবং জিরো পয়েন্ট সাতমাথা থেকে ফুটপাত ব্যাবসায়ীরা দোকানপাট গুটিয়ে নিয়েছেন।

জনতার ভিড়ের কারণে দুপুর থেকে শহরে যানবাহন ছিল তুলনামূলক কম। নেতাকর্মীরা দফায় দফায় মিছিল নিয়ে আসছেন জনসভা মাঠে। বগুড়া যেন মিছিলের নগরী হয়ে উঠেছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, সব প্রস্তুতি শেষ। অপেক্ষা এখন তারেক রহমান কখন আসবেন। জেলা বিএনপির পক্ষ থেকে জনসভা সফল করতে যা যা প্রয়োজন তার সব কিছুই করা হয়েছে। দুপুরের পর থেকে স্থানীয় নেতারা সভামঞ্চে বক্তব্য দিচ্ছেন। 

রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপির মিডিয়া সেলের সমন্বয়কারী কালাম আজাদ বলেন, অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সংবাদকর্মীদের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

বুধবার তিনি বলেছিলেন, “তারেক রহমান রাজশাহী ও নওগাঁ হয়ে বগুড়ায় জনসভা করবেন। রাতে তিনি বগুড়ায় অবস্থান করবেন। শুক্রবার তিনি বগুড়ায় থেকে সদর ও গাবতলীতে জনসংযোগ করবে।

“এরপর বাবা জিয়াউর রহমানের বাড়ি বাগবাড়িতেও যাবেন তিনি। শনিবার যে-কোনো সময় উত্তরের পথে নির্বাচনি প্রচারে চলে যাবেন তারেক রহমান।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হয়েছেন তারেক রহমান।