১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দ্রব্যমূল্যে অতিষ্ঠ জীবন, ঈদ-আনন্দের সুযোগ নেই: মির্জা ফখরুল

“আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে যারা দুর্নীতিতে নিমজ্জিত আছেন তারা দুর্নীতি ত্যাগ করবেন।”

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 04:54 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে ‘অতিষ্ঠ’ সাধারণ মানুষের জীবনে কোনো ‘ঈদ আনন্দ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

ফখরুল বলেন, “দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমাদের ঈদুল আজহায় ঠিক সেভাবে আনন্দ উপলব্ধি অথবা উপভোগ করার সুযোগ থাকছে না।”

সোমবার সকালে ঈদের নামাজের পর নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে যারা দুর্নীতিতে নিমজ্জিত আছেন তারা দুর্নীতি ত্যাগ করবেন।

“সেই সঙ্গে তাদের সমস্ত অশুভ আকাঙ্ক্ষা বাদ দেবেন এবং জনগণের জন্য মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবেন।”

সেন্ট মার্টিন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “এটা তো সত্য সেখানে গোলাগুলি হচ্ছে। একপক্ষ থেকে গোলা আসছে এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সমস্ত জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। টেকনাফ থেকে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না। এটাই বাস্তবতা। এখন বাস্তবতা তারা অস্বীকার করবে কি করে।”

“কেনো তাদের বিজিবি প্রধান যাচ্ছে বার বার? কেন সেনাবাহিনীর প্রধান বলছেন-আমরা সতর্ক আছি। আর ওবায়দুল কাদেরও বলছেন আমরা সতর্ক আছি। তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা সেন্ট মার্টিনে মিয়ানমারের ঘটনাগুলো একটা সমস্যা তৈরি করেছে।”

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।