২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সকালে বাড়ির উঠানে খেলাধুলার এক পর্যায়ে তারা সবার অজান্তে পুকুরে পড়ে যায় বলে জানান ইউপি সদস্য।

কক্সবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 04:05 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর আলম।

মৃতরা হলো- ওই এলাকার জহিরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া (৪) এবং অপরজন টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে সিজাত মনিরা (৩)। সে জহিরুলের নাতনী।

ইউপি সদস্য আলমগীর বলেন, সকালে মাওয়া ও মনিরা পাশের বাড়ির উঠানে খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। পরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ার জন্য খোঁজাখুঁজি করা হলে তাদের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। 

তাদের উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান। 

একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।