১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোরকে ধাওয়া করে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

স্থানীয়রা চোরের দলের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 11:13 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

পাবনার আটঘরিয়া উপজেলায় ‘চোরের ছুরিকাঘাতে’ এক যুবক নিহত হয়েছেন।

উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে ওই যুবকের লাশ পুলিশ উদ্ধার করে বলে আটঘরিয়া থানার ওসি আরিফুজ্জামান জানান।

নিহত ২৬ বছর বয়সী আসাদ হোসেন ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, চোরের একটি দল আসাদের ঘরের জানালা দিয়ে মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে আসাদ দ্রুত গিয়ে এক চোরকে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে চোরের দলের অন্য সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে চোরের দলের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

আটক যুবকের নাম সজীব; বাড়ি আটঘরিয়া উপজেলার সোনাকান্দর গ্রামে।

পারখিদিরপুর গ্রামবাসীর অভিযোগ, গ্রামে চোর-ডাকাতের উৎপাত বেড়েছে; দিন-দুপুরেও চুরি হচ্ছে। ফলে গরুর খামারিরা দিনে-রাতে পাহারা দিতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি স্থানীয়ভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসছে। কিন্তু পুলিশের ‘নীরব ভূমিকায়’ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

আটঘরিয়া থানার ওসি আরিফুজ্জামান বলেন, আটক সজীবকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হবে। এ ঘটনায় জড়িত বাকিদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।