পঞ্চগড়ে বাস-বাইক সংঘর্ষ, প্রাণ গেল মা-মেয়ের
এ ঘটনায় মোটরসাইকেল চালক ও এক শিশু আহত হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রাবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে দেবীগঞ্জ পৌর শহরের নতুন বন্দর এলাকায় শহীদ মান্নান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন— কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৬) ও মেয়ে মুনতাহা (৫)।
এ ঘটনায় মমতার আরেক মেয়ে মোবাসসিরা (৫) ও ভাগ্নে মনিরুল ইসলাম (৩০) আহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মমতা দুই যমজ মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি থেকে মনিরুলের সঙ্গে বাইকে করে কলেজপাড়ায় ফিরছিলেন। নতুন বন্দর এলাকায় নাদের পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও মুনতাহার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ওসি কেএম মনিরুজ্জামান চৌধুরী বলেন, বাসের চালককে আটক করা হয়েছে।
