১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলায় ‘জমির বিরোধে’ বড় ভাইকে পিটিয়ে হত্যা

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 05:56 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

ভোলার সদর উপজেলায় ‘জমির বিরোধের জেরে’ বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ভোলা সদর মডেল থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান।

নিহত মো. আবদুল মালেক ওরফে মানিক (৭০) ওই গ্রামের বাসিন্দা। 

নিহতের স্ত্রী পারুল বেগম বলেন, “বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমার স্বামী আবদুল মালেকের সঙ্গে তার ভাইদের বিরোধ চলে আসছিল। 

“সকালে বাড়ির সামনে আমার স্বামী নিজের মুদি দোকানে গেলে তাজলের ছেলে সোহাগ তাকে অকত্থ ভাষায় গালমন্দ করেন। এক পর্যায়ে দুই জনের মধ্যে ঝগড়া হয়। এ সময় সোহাগ তাকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয়।” 

তিনি বলেন, “এর কিছুক্ষণ পর সোহাগের বাবা তাজলসহ কয়েকজন আমাদের ঘরে প্রবেশ করে আমার স্বামীকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এ সময় সোহাগ আমার স্বামীর  গলায় পা দিয়ে চেপে ধরে। পরে লোকজন এসে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

ওসি মনির বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। 

এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি এবং বাকিদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।