১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

বক শিকারের ফাঁদ ও একটি বকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 12:24 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

শেরপুর সদর উপজেলায় বক শিকারের অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে উপজেলার সাপমারী গ্রামে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

দণ্ডিত মো. রফিক (৪৫) নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের বাসিন্দা। 

শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাপমারী গ্রামের একজন বক শিকারী ফাঁদ দিয়ে বক শিকার করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বক শিকারের একটি ফাঁদ ও একটি বকসহ ওই ব্যক্তিকে আটক করে।

পরে মো. রফিককে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ৪১(৩) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিচারকাজ শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।