Published : 23 Jan 2026, 09:43 PM
ভোলার দৌলতখানের মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় এক মণ ওজনের একটি কচ্ছপ। পরে সেটিকে বনবিভাগ নদীতেই অবমুক্ত করে দেয়।
শুক্রবার দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকার জেলে শাকিলের জালে কচ্ছপটি ধরা পড়ে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কচ্ছপটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
জেলে শাকিল বলেন, প্রতিদিনের মত সকালে চার মাঝিমাল্লা নিয়ে তিনি নদীতে মাছ ধরতে যান। তখন জালে আটকা পরে বিশালাকৃতির কচ্ছপটি। প্রথমে ভেবেছিলেন বড় কোনো মাছ। পরে দেখেন কচ্ছপ।
জেলেরা জানান, এর আগে এত বড় কচ্ছপ তারা কখনো জালে দেখেননি। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।
উপকূলীয় বনবিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “এই কচ্ছপ সাধারণ সাগর মোহনায় থাকে। জেলেরা যখন সাগর মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে তখন তাদের জালে আটকে পড়ে।”