২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

হাসপাতালে ভর্তি হওয়া মোট ৪৭৯ জন রোগীর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 11:54 AM

Updated : 26 Aug 2026, 03:22 PM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এই প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স তিন থেকে ছয় মাসের ভেতর।  

“একই সময় নতুন রোগী ভর্তি হয়েছে ২৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ জন।”

বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শংকর বিশ্বাস জানান।

তিনি বলেন, “বর্তমানে হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১২ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৭৯। যাদের মধ্যে মারা গেছে ৫০ জন।”