২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জ উপজেলা: প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৩ অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর

রূপগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন এর মধ্যেই নির্বাচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 01:32 AM

Updated : 26 Aug 2026, 09:36 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও কর্মকর্তাদের অর্থের প্রলোভন দেখানোর অভিযোগ করেছেন অপর চেয়ারম্যান প্রার্থী। 

এসব বিষয় নিয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভূঞা (রানু) রোববার পৃথক তিনটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাকিব আল রাব্বি।

অভিযোগে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত-কলম প্রতীকের হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনও করেছেন।

চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন জানান, গত শনিবার তার কর্মী-সমর্থকরা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা ও বরালু বাজারে প্রচার চালানোর সময় হাবিবুর রহমানের কর্মী-সমর্থকরা তাদের উপর হামলা করেন। 

এছাড়া তার পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগে তিনি উল্লেখ করেন।

আরেকটি অভিযোগে তিনি বলেন, হাবিবুর রহমান নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন এবং নিষেধ থাকলেও বিভিন্ন এলাকায় মোটরযান ব্যবহার করে শোডাউন করে বেড়াচ্ছেন। যা নির্বাচনী আচরণবিধি-১৩ এর লঙ্ঘন। 

অপর অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের দিন নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং ও পোলিং অফিসারদের টাকার প্রলোভন দেখিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন আবু হোসেন।

এসব অভিযোগ প্রসঙ্গে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমানের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি বলেন, “অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তারা দুইজনই প্রার্থী। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজনকে এর মধ্যেই নির্বাচিত ঘোষণা করা হয়েছে।