টাঙ্গাইলে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু
হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক যুবককের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার দুপুরে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান।
নিহত ৩৫ বছর বয়সী আলামিন ওই গ্রামের মিয়া চাঁনের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন- ওই এলাকার মিয়াচাঁনের ছেলে আলামিন (৬৭), তালেব দানীর ছেলে মেছের দানী (৬০), আব্দুস সামাদের ছেলে রুবেল হাসান নয়ন (৩৫), হযরত আলীর ছেলে ফজলুল হক (৬৫), আমতাছ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬৬) ও রিপন (৩৫), আনোয়ারের ছেলে সুরুজ আলী (৬৪) ও লিমন হোনের ছেলে মাফিয়া (২৬)।
আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে মীয়াচানের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে রিপনের সঙ্গে তার চাচাত ভাই আলামিনের পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়।
“এতে আলামিনসহ আটজন আহত হন। পরে গুরুতর অবস্থায় আলামিনকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
