২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কলেজের জমি’সহ ভবন বিক্রি করে দিলেন অধ্যক্ষ, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

চলমান উত্তেজনা নিরসনে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন ময়মনসিংহের তারাকান্দা ইউএনও।

‘কলেজের জমি’সহ ভবন বিক্রি করে দিলেন অধ্যক্ষ, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা
ময়মনসিংহের তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের জমিসহ বিক্রি করে দেওয়া ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষকরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 07:09 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের জমি চুপিসারে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার প্রায় দেড় বছর পর বিষয়টি জানাজানি হলে কলেজ অধ্যক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন অন্য শিক্ষকরা। 

অধ্যক্ষ হোছেন আলী চৌধুরীর এমন কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। উভয়পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ঐতিহ্য হারানোর শঙ্কায় নারী শিক্ষার এ বিদ্যাপীঠ।

চলমান উত্তেজনা নিরসনে সোমবার উভয়পক্ষের সঙ্গে বৈঠকের পর তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।

এদিকে সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ।

কাগজপত্র ঘেঁটে জানা গেছে, ২০১০ সালের ১২ অক্টোবর তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন আট শতাংশ জায়গা জায়েদা খাতুন তার ছেলে হোছেন আলী চৌধুরীকে দলিল করে দেন। এর তিন মাস পর ২০১১ সালের ১০ জানুয়ারি একই জায়গা স্বামীর নামে ২০০৯ সালে প্রতিষ্ঠিত ফজলুল হক চৌধুরী মহিলা কলেজকে লিখে দেন তিনি। দলিলে সাক্ষী ছিলেন হোছেন আলী চৌধুরী ও তার ভাই শওকত আলী চৌধুরী।

২০২২ সালের ৬ জুন কলেজটি এমপিওভুক্ত হওয়ার আগে সেখানে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয় তিনতলা ভবন। কিন্তু সেখানে শিক্ষক-শিক্ষার্থী স্টাফসহ প্রায় ৩০০ জনের জায়গা সংকুলান না হওয়ায় ২০২৪ সালে অন্যত্র ৩৮ শতাংশ জায়গা ক্রয় করে সরিয়ে নেওয়া হয় কলেজের কার্যক্রম।

এ সুযোগে ওই বছরের ১২ সেপ্টেম্বর অধ্যক্ষ হোছেন আলী এক কোটি ৩৩ লাখ ৫৪ হাজার টাকায় স্থানীয় আয়শা আক্তারের কাছে জায়গাসহ কলেজ ভবনটি বিক্রি করে দেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। 

তারাকান্দা বণিক সমিতির সাবেক সভাপতি ও অভিভাবক সায়েদুল ইসলাম মণ্ডল বলেন, “হোছেন আলীকে শিক্ষাপ্রতিষ্ঠানের ‘প্রেমিক’ ভাবলেও তার ভেতরে এতো জটিলতা সেটা বুঝতে পারিনি। আমার গ্রামের এক বিধবা মহিলা ১৪ বছর তার কলেজ ও বাসায় কাজ করেছেন।

“সবশেষ সুদে এনে তাকে চার লাখ টাকা দিলেও চাকরি হয়নি ওই নারীর। টাকাও ফেরত পাননি। তিনি (হোছেন আলী) কলেজ প্রতিষ্ঠা থেকেই প্রতারণার আশ্রয় নিয়েছেন, শুনে আমি অবাক। ইউএনও যখন তাকে প্রশ্ন করছিল, তখন তিনি কোনো উত্তর দিতে পারেননি।”

এমন শিক্ষক দেশ ও সমাজের জন্য ক্ষতিকর মন্তব্য করে হোছেন আলীর শাস্তি দাবি করেন বণিক সমিতির এ নেতা।

ওই কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হান্নান তালুকদার বলেন, “সরকারি একটি বড় ভবন কলেজের নামে আসলে এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা মধুপুর ৩৮ শতাংশ জায়গা কিনে সেখানে কার্যক্রম শুরু করি। আর শুরু হওয়া কলেজে বিএম শাখার ক্লাস হত। 

“এখানে নারীদের একটি হোস্টেল করার চিন্তাভাবনা ছিল। কিন্তু হঠাৎ দেখি কলেজ ভবন ভাঙা হচ্ছে। এরপর খোঁজখবর নিয়ে জানা যায়, অধ্যক্ষ ভবনসহ জায়গা অন্যত্র বিক্রি করে দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে, আমিসহ দুইজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।”

সমাজকর্ম বিভাগের প্রভাষক জান্নাতুল নাসরিন বলেন, “কলেজটির শুরু থেকেই আমি আছি। কখনো ভাবিনি এই জায়গাটি কলেজের নয়। স্যার (অধ্যক্ষ) প্রতিষ্ঠানকে নিয়ে প্রতারণা করবে কোনোদিন ভাবতেও পারিনি। 

“এখন আমরাও অনিশ্চয়তার মধ্যে পড়েছি। বাধ্য হয়ে স্যারকে অনাস্থা দিয়েছি। আমরা এমন দুর্নীতিবাজ শিক্ষককে চাই না। আশা করছি ইউএনও এবং এমপি সুন্দর একটি সমাধান দেবেন।”

চলমান উত্তেজনা নিরসনে উভয়পক্ষকে নিজ কার্যালয়ে ডাকেন ইউএনও মো. আমিনুল ইসলাম। কলেজ বিক্রির স্পষ্ট কারণ ব্যাখ্যা করতে না পারায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি। 

ইউএনও আমিনুল ইসলাম বলেন, “কলেজের নামে আট শতাংশ জমি লিখে দেওয়ার পূর্বে সেই জমি অধ্যক্ষ হোছেন আলীকে লিখে দিয়েছিলেন তার মা। সেই মালিকানায় জমিটি বিক্রি করা হয়। সমস্ত ঘটনা স্পষ্ট করার লক্ষে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দলিলে ভুলবোঝাবুঝি হয়েছে দাবি করে অধ্যক্ষ মো. হোছেন আলী চৌধুরী বলেন, “আইনজীবীর সঙ্গে বুঝে দেখছি, বিষয়টি কি করা যায়।”

তবে বিগত সময়ে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এড়িয়ে চলে যান হোছেন আলী।

জমিসহ কলেজ ভবন বিক্রি করার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, “কলেজ যেনো ক্ষতিগ্রস্ত না হয় সেই চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করছি। এখানে অধ্যক্ষের দায় থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”