ঝিনাইদহে আওয়ামী লীগ সমর্থককে পা বিচ্ছিন্ন করে খুন
তিনি ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক ছিলেন।
ঝিনাইদহে আওয়ামী লীগের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সার্কেল) মীর আবিদুর জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের হামদো ঘোষপাড়ায় বাড়ির সামনে বরুণ কুমার ঘোষকে হত্যা করা হয়।
৩৫ বছর বয়সী বরুণ ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থক বলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “বরুণ বাসা থেকে বের হলে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ইউসুফের দোকানের সামনে নিয়ে যায়। পরে সেখানে তাকে কুপিয়ে জখম করে এবং একটি পা বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা কাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনাটি নির্বাচন পরবর্তী সহিংসতা কি-না জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “বরুণ সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিনা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। তবে তদন্ত শুরু হয়েছে।”
বরুণ আওয়ামী লীগের সমর্থক ছিলেন জানিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কনক কান্তি দাস বলেন, তার বড় ভাই অরুণ কুমার ঘোষ ওয়াকার্স পার্টির ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে শহরে আওয়ামী লীগ মিছিল বের করে বলে ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার জানান।
