১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে বাসা ও দোকান থেকে দুই লাশ উদ্ধার

“সিংগারার দোকানের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে দেখেছি।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 01:59 PM

Updated : 26 Aug 2026, 11:13 AM

মানিকগঞ্জের সদর উপজেলার পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানান, সোমবার সকালে নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) সংলগ্ন একটি সিংগারার দোকান থেকে একটি এবং জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার ভাড়া বাড়ি থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।   

ন্যাশনাল পলিটেকনিকের সামনে থেকে উদ্ধার মৃত ব্যক্তির বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানিয়েছে পুলিশ। আর জাগির এলাকার উদ্ধার হওয়া মৃত ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সিংগারা দোকানের মালিক মো. শহিদ বলেন, রোববার সন্ধ্যার দিকে অপরিচিত এক ব্যক্তিকে তার দোকানের পাশ দিয়ে ঘোরাফেরা করতে দেখেছেন। এরপর রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।

তিনি বলেন, “দোকানের চারপাশ খোলা থাকায়, রাতে ব্যক্তি দোকানের ভেতরে এসে হয়তো ঘুমিয়েছিল।”

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “সিংগারার দোকানের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে দেখেছি।”

জগীর ইউপি পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, “মান্নান মোল্লার ভাড়াবাড়ি থেকে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে একটি লাশ উদ্ধার করে।”

তিনি বলেন, “এর আগে ২২ ডিসেম্বর তিনজন মান্নান মোল্লার বাড়ির একটি ইউনিট ভাড়া নেয়। মালিকপক্ষ তাদের ঘর বুঝিয়ে দেওয়ার পরদিন থেকে সে বাসায় তালা ঝুলছিল। অজ্ঞাত মৃত ব্যক্তি ভাড়া নেওয়াদের একজন।”

ওসি এস এম আমানউল্লাহ বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”