Published : 16 Jul 2026, 09:47 PM
গাজীপুর নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকদের ১১টি বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া বাসন সড়ক এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. হিরন মিয়া।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে সাইফুলের ভাড়া বাসার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে ১১টি কক্ষের সমস্ত মালামাল পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করা শ্রমিকরা পরিবারসহ বসবাস করতেন বলে জানান ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল আহামেদ সরকার।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দুই দিন রান্না করা খাবার ও আর্থিক সহায়তা প্রদান করার কথা জানান তিনি।