প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা আওয়ামী লীগ নেতার
আগামী দিনেও অনেক নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে; এখন শুধু দেখার পালা, বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জনসম্মুখে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এক ইউপি সদস্য।
রোববার বিকালে চৌমুহনী বাজারে নিজের শরীর থেকে মুজিব কোট খুলে গ্যাস লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন উপজেলার মাহমুদপুর ইউপির সদস্য রেজাউল করিম।
এ সময় তিনি চিৎকার করে বলেন, “আজ আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম।”
দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রেজাউল করিমের দাবি, গত ৫ অগাস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
মুজিব কোট পোড়ানোর পর রেজাউল বলেন, “দল করতে গিয়ে অনেক অপদস্থ, অপমানিত ও লাঞ্ছিত হয়েছি। গত ৫ অগাস্টের পর আমার আর এ দল ভালো লাগে না। আর কোনোদিন আওয়ামী লীগের নাম মুখে নেব না। তাই আজ প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলাম।”
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার বলেন, “তৎকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। ফলে আজ দলে এমন ঘটনা ঘটছে। আগামী দিনেও অনেক নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে। এখন শুধু দেখার পালা।”
