২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতার ওপর ‘হামলা’

হামলায় একটি প্রাইভেট কারের কাচ ভেঙে যায়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 11:42 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

রাজশাহীর গোদাগাড়ীতে সমাবেশ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিলে যাওয়ার পথে উপজেলার নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে উপজেলার বারো মাইল এলাকায় এ হামলা চালানোর অভিযোগ ওঠে।

এতে আহত উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

তার দাবি, শনিবার বিকালে তিনি নিজ বাড়ি থেকে প্রাইভেট কার যোগে উপজেলার পিরিজপুর হাইস্কুল মাঠে আয়োজিত দোয়া মাহফিল ও সমাবেশে যাচ্ছিলেন। 

তার সঙ্গে জিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকার ছিলেন। 

তারা বারো মাইল এলাকায় পৌঁছলে ১০-১৫ জনের একটি দল লাঠিসোঁঠা ও লোহার রোড নিয়ে তাদের ওপর হামলা চালায়। 

এ সময় হামলা চালিয়ে তাদের গাড়ির কাচও ভেঙে ফেলা হয়। 

এতে আব্দুস সালাম শাওয়াল মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে তার দাবি।

তার অভিযোগ, “মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন বারবার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে বাধা ও নেতাকর্মীদের ওপর হামলা করে আসছেন। আজকের কর্মসূচিতে আসার সময় তার সমর্থরা আমাদের ওপর হামলা চালিয়েছে।” 

তিনি বলেন, “আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। এ কারণেই হয়তো আমাদের ওপর হামলা হয়েছে। বিষয়টি আমরা সাংগঠনিকভাবে জবাব দেব।”

এ ব্যাপারে বক্তব্য জানতে শরীফ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, “বারো মাইল মোড়ে বিএনপি নেতার গাড়িতে হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা স্থান ত্যাগ করেছে। 

“এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

এদিকে, আব্দুস সালাম শাওয়ালের ওপর হামলার কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর দোয়া মাহফিল ও সমাবেশ শুরু হয়। 

উপজেলা বিএনপির সহযোগিতায় মাটিকাটা ইউনিয়ন শাখার আয়োজনে সমাবেশ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া হয়। পরে গরীর ও দুস্থদের মাঝে করা হয় কম্বল বিতরণ।