মৌলভীবাজারে অনুষ্ঠান মঞ্চে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধির উপর হামলা
শ্রীমঙ্গল থানার ওসি বলেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী দুজনের নাম দিয়ে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অনুষ্ঠান মঞ্চে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির উপর হামলার অভিযোগ পেয়েছে পুলিশ।
উপজেলার শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার শ্মশানঘাটে শুক্রবার বিকালে সনাতন ধর্মালম্বীদের দোল উৎসবে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী দুজনের নাম দিয়ে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
বিকুল অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকালে সবুজবাগ দোল উৎসবের আয়োজন করা হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ তাপস ও বিকুল চক্রবর্তী অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে ওই এলাকার সুব্রত চক্রবর্তী সাংবাদিক বিকুল চক্রবর্তীকে ‘আওয়ামী লীগের দালাল, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে’- এসব বলে মঞ্চে আক্রমণ করতে যান। তখন মঞ্চে থাকা অনুষ্ঠানের আহ্বায়ক ও ইউপি সদস্য পিয়াস দাসসহ অন্যরা সুব্রতকে প্রতিহত করেন এবং অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।
পরবর্তীতে যখন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছিলেন তখন সুব্রত এসে পুনরায় মঞ্চে বিকুল চক্রবর্তীর উপর আক্রমণ করতে আসেন। তখন উপস্থিত লোকজন সুব্রতকে আবার অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন অতিথিরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা চলে যাওয়ার পর শ্মশানঘাটের রাস্তার উপর দলবল নিয়ে সুব্রত আবারো বিকুল চক্রবর্তীর উপর আক্রমণ করে। এতে বিকুল কিছুটা আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে সুব্রত দলবল নিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে বিকুল চক্রবর্তীকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান উপস্থিত লোকজন।
এ ব্যাপারে সাংবাদিক বিকুল চক্রবর্তী বলেন, “একটি চক্র দীর্ঘদিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমার প্রতি সাধারণ মানুষকে উসকিয়ে দিতে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে ফেইসবুকিং করছে। এর আগেও একটি চক্র তাদের ব্যক্তিগত স্বার্থে আমার কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নিসংযোগ করে।
“একজন নির্বাহী হাকিমের সামনে সুব্রত চক্রবর্তী আমার উপর হামলা করেছে। সেটা আবার ফেইসবুক লাইভে এসে স্বীকারও করেছে।”
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, “ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। আমরা আশা করিনি, এতো সুন্দর একটা অনুষ্ঠানে ওই ছেলেটি এরকম একটি বিশ্রি ঘটনা ঘটাবে।”
এ ব্যাপারে জানতে সুব্রত চক্রবর্তীর মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
