১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়িতে রিজভী

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানও বসুবতি চাকমার চিকিৎসার জন্য তিন লাখ টাকার চেক দেন।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 08:13 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার অসুস্থ মা বসুবতি চাকমাকে দেখতে গ্রামের বাড়িতে গেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার দুপুরে তিনি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে গিয়ে ঋতুপর্ণার মায়ের খোঁজ-খবর নেন। 

পরে তিনি তারেক রহমানের পক্ষ থেকে বসুবতি চাকমার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে দুই লাখ টাকার চেক তুলে দেন। রিজভী এ সময় তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

রিজভী বলেন, “তারেক রহমানের নির্দেশে ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি এবং তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।”

এ সময় ঋতুপর্ণার মা বসুবতি চাকমা আর্থিক সহায়তা দেওয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমা বলেন, তার মায়ের স্বাস্থ্যের অবস্থা তেমন একটা ভালো না। তিনি শারীরিকভাবে দুর্বল। এরই মধ্যে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। ২৪ জুলাই আবার কেমোথেরাপি দিতে হবে। 

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন। 

বিকালে ঋতুপর্ণার মায়ের খোঁজ-খবর নিতে মঘাছড়ি গ্রামে গেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এ সময় তিনি বসুবতি চাকমার চিকিৎসার জন্য তিন লাখ টাকার চেক তুলে দেন।