কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ দিনমজুরের লাশ
পুলিশ বলছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন; কোনোভাবে তিনি হ্রদে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ; যিনি নিখোঁজ ছিলেন বলে তার বাড়ির লোকজন জানিয়েছে।
রোববার সকাল ৮টার দিকে শহরের রিজার্ভ বাজারের মহসীন কলোনির পেছনের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে রাঙ্গামাটি কোতোয়ালি থানার এসআই ক্য লাহ্ চিং জানান।
মৃত ৪৫ বছর বয়সী গিয়াস উদ্দিন পেশায় দিনমজুর ছিলেন। শহরের আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নদীর পাড় এলাকার থাকতেন তিনি। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসআই বলেন, “গিয়াস উদ্দিন কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন। তার স্ত্রী ও মা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার লাশ উদ্ধার করি। তবে মৃত ব্যক্তির শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন দেখতে পাইনি।“
“সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানতে পেরেছি। তাই আমরা ধারণা করছি, কোনোভাবে হ্রদের পানিতে পড়ে গেছেন। বাকিটা তদন্ত করে বলা যাবে।”
স্থানীয়রা জানায়, মহসীন কলোনি এলাকার বাসিন্দারা হ্রদের পানিতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। কিন্তু পুলিশ আসার আগেই খবরটি ছড়িয়ে পড়ায় মৃতের আত্মীয় স্বজনরা হ্রদের পাড়ে ভিড় করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করলে তারা তা শনাক্ত করেন।
মৃত গিয়াস উদ্দিনের শ্যালক বলেন, “কয়েকদিন ধরে আমার বোন জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আমরা থানায় জিডিও করেছিলাম। সকালে লেকে লাশ ভাসার খবর পেয়ে আমরা গিয়ে দেখি, সেটা গিয়াসের লাশ।”
গিয়াস মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিনও জানিয়েছেন।
তিনি আরও বলেন, “সকালে কয়েকজন আমাকে খবর দেয় যে মহসীন কলোনির পেছনে একটা লাশ ভাসছে। আমি তাৎক্ষণিক পুলিশকে খবর দেই।”
