বিয়ে বাড়িতে সেমাই খেয়ে নারী-শিশুসহ ৪২ জন হাসপাতালে
বাড়ির নারীরা সেমাই রান্নার সময় ভুলবশত ছত্রাকনাশক দিয়ে দেন বলে জানান ময়মনসিংহের এক ইউপি চেয়ারম্যান।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিয়ে বাড়িতে সেমাই খেয়ে নারী-শিশুসহ ৪২ জন অসুস্থতার খবর পাওয়া গেছে; যাদের মধ্যে ৩২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ওসি মো. শাহিনুজ্জামান জানান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, “খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন। আগে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।“
রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঈন সরকার বলেন, “মফিজের প্রবাসী ছেলে রাসেল বৃহস্পতিবার বিয়ে করেন। শুক্রবার সকালে অতিথিদের নাস্তা বানাতে পাশের বাজার থেকে সেমাই, চিনি আনতে গিয়ে সঙ্গে ধান ও সবজি খেতের ওষুধ থিয়োভিট (ছত্রাকনাশক-ভিটামিন) কিনে আনেন মফিজ।
“পরে বাড়ির মহিলারা ভুলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করেন। অতিথিরা সেই সেমাই খেয়ে একে একে ৪২ জন অসুস্থ হয়ে পড়েন।”
বেশি অসুস্থরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এ ইউপি চেয়ারম্যান।
ওসি শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অসুস্থরা সবাই শঙ্কামুক্ত।
