বন বিভাগের বাধায় গাছ কাটা
গাজীপুর সদরের পূবাইল কলেজের পাশের সরকারি অর্ধশত গাছ ভুয়া কাগজ-পত্র দেখিয়ে কাটার চেষ্টা হয়েছে।
সরকারদলীয় স্থানীয় প্রভাবশালী নেতারা এই গাছ কাটায় জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
বন বিভাগ বলছে, এই গাছগুলো কাটার কোনো অনুমোদন দেয়া হয়নি।
গাছ কেটে নেয়া কাঠ ব্যবসায়ী হাবিবুর রহমান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়দেবপুরের আওয়ামী লীগ নেতা শওকত আকবর ওই গাছ কাটার নিলাম পেয়েছেন বলে তার কাছে ছয়টি আকাশমনি গাছ বিক্রি করেন।
“এজন্য আমি তাকে (শওকত) ৩০ হাজার টাকাও দিয়েছি।”
তবে গাছ কাটার সময় বন বিভাগের লোকজনের কাছে বাধা পান রিপন।
বনবিভাগের মৌচাক রেঞ্জের কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন বলেন, “আমরা গাছ কাটার কোনো বৈধ কাগজ পাইনি বলে বাধা দিয়েছি।”
বন বিভাগের বাধায় গাছ কাটা আপাতত বন্ধ হলেও তার আগেই কয়েকটি গাছ কাটা হয়ে যায়। অনেকগুলোর গোড়ার কিছু অংশ কাটা হয়েছে।
