২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

“যদি চাঁদা দাবি করে থাকি, তা তদন্তের মাধ্যমে প্রমাণ করা হউক।”

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 10:22 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় এক আসবাবপত্র ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিকদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

রোববার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারের ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম। 

অভিযোগের মুখে থাকা মেহেদী সরকার (৩৭) সদর উপজেলার হাজীপুর গ্রামের ওমর মিয়ার ছেলে এবং হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম বলেন, গত ২৫ মার্চ রাতে হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তার কাছে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকির মুখেিএখন তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না।

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও হুমকিদাতাদের ‘রাজনৈতিক প্রভাবের’ কারণে মামলা নথিভুক্ত না হওয়ার অভিযোগ করেছেন এ ব্যবসায়ী।

তবে অভিযোগ অস্বীকার করে মেহেদী সরকার বলেন, “মূলত আমার সঙ্গে চলাফেরা করে, মাহিন নামের একটি ছেলের সঙ্গে আমির হোসেন সাদ্দামের বড় ভাই ও হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দিনের পারিবারিক বিরোধের জেরে মারামারি হয়। এর জেরে আমার এবং অন্যদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে। যদি চাঁদা দাবি করে থাকি, তা তদন্তের মাধ্যমে প্রমাণ করা হউক।”

এ প্রসঙ্গে জানতে চাইলে নরসিংদী সদর থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে, সত্যতা পেলে মামলা নথিভুক্ত করা হবে।