নরসিংদীতে ঘর পাচ্ছে আরও ২৫৬ ভূমিহীন পরিবার
নরসিংদীতে জমিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন আরও ২৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আশ্রয়ণ প্রকল্প ২-এর তৃতীয় ধাপে গৃহহীনদের মধ্যে এসব ঘর প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তৃতীয় পর্যায়ে নরসিংদী জেলায় ২৫৬টি পরিবারসহ সারাদেশে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
এর মধ্যে নরসিংদী জেলার রায়পুরায় ৩৭টি, শিবপুরে ২৯টি, পলাশে ৪২, মনোহরদীতে ১০৪টি ও বেলাবতে ৪৪টি ঘর জমিসহ বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম ইবনুল হাসান ইভেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ) শ্যামল চন্দ্র বসাক আরও উপস্থিত ছিলেন।
