টুঙ্গিপাড়ায় ‘মোবাইল ফোন চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ‘মোবাইল ফোন চুরির অপবাদে’ এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল জানান।
নিহত রাজু খান (২১) উপজেলার গহরডাঙ্গা গ্রামের সাদেক খানের ছেলে।
নিহতের চাচা আক্কেল আলী খান বলেন, “মোবাইল চুরির অপবাদ দিয়ে রাজুকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।”
স্থানীয়দের বরাতে পুলিশ বলেন, “রাজু গভীর রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কাছে একটি বাড়িতে চুরি করতে যান। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে কার্যালয় চত্বরে গণপিটুনির শিকার হন।”
তিনি জানান, আহত অবস্থায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
ময়নাতদন্ত শেষে রাজুর লাশ বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে টুঙ্গিপাড়া থানার এসআই আফজাল শাহীন জানান।
রাজুর নামে কোটালীপাড়া থানায় ২০২১ সালে একটি চুরির মামলা আছে বলে জানান আফজাল শাহীন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল জানান।
