২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে নারীর ৬ টুকরো লাশ উদ্ধার, পুত্রবধূ আটক

কক্সবাজারের রামু উপজেলায় মাটি খুঁড়ে এক নারীর ছয় টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলের বউকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 10:51 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

রোববার সন্ধ্যায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী হাজিপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন জানান।

নিহত মমতাজ বেগম (৬০) ওই এলাকার মৃত গোলাম কবিরের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক রাশেদা বেগম (২২) নিহতের ছেলে মোহাম্মদ আলমগীরের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি আনোয়ারুল বলেন, শাশুড়ি মমতাজ বেগমের সঙ্গে রাশেদা বেগমের পারিবারিক কলহ ছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। মমতাজ বেগমের ছেলে মোহাম্মদ আলমগীর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। শুক্রবার বিকালে আলমগীর তার কর্মস্থলে যান।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মমতাজ বেগমকে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিলেও তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি তারা মোবাইল ফোনে ছেলে মোহাম্মদ আলমগীরকে জানান।

ওসি বলেন, "মোহাম্মদ আলমগীর রোববার সকালে কক্সবাজার থেকে ফিরে বিভিন্ন স্থানে খুঁজেও তার মায়ের সন্ধান পাননি। মমতাজ বেগমের বিষয়ে জানতে চাওয়া হলে রাশেদার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে সন্দেহ হয়। তখন আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির নলকূপের পাশে নতুন খোঁড়া মাটির স্তূপে রক্তের দাগ দেখা যায়।”

“পরে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে মমতাজ বেগমের মৃতদেহ পায়। ধারণা করা হচ্ছে, শনিবার সন্ধ্যার পর রাশেদা বেগম তার শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর টুকরো করে মাটিতে পুঁতে রাখেন।”

আনোয়ারুল আরও জানান, মৃতদেহটি মাথা, দুই হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে পুত্রবধূ রাশেদা বেগমকে পুলিশ আটক করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।