উখিয়ায় ক্যাম্প থেকে ‘আরসা সদস্য’ অস্ত্রসহ গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে; যাকে মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি – আরসার সদস্য বলছে এপিবিএন।
রোববার ভোরে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/১ ব্লকে এ অভিযান চালানো হয় বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান।
গ্রেপ্তার সৈয়দুল আমিন ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/১ ব্লকের আমির হোসেনের ছেলে।
পুলিশ সুপার নাইমুল হক জানান, গোপন খবর পেয়ে রোববার ভোরে ড্রোন ব্যবহার করে এপিবিএন অভিযান চালিয়ে সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
“পরে তার দেওয়া তথ্যমতে ঘরে থাকা একটি টিনের ট্রাংকে একটি দেশে তৈরি এলজি [লাইট গান] পাওয়া যায়।”
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে নাইমুল হক বলেন, সৈয়দুল আমিন ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে ‘আরসার’ তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
জব্দকৃত আলামতসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সৈয়দুলকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
