২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 03:21 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

শনিবার দুপুরে উপজেলার খালকুলা এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার কাদিমপাড়ার মৃত মনছের আলীর ছেলে মিরাজুল ইসলাম (৩৪) ও রাজশাহীর বাগমারা উপজেলার উত্তর জামালপুর গ্রামের মৃত আতাবর রহমানের ছেলে আব্দুল আজিজ (৪২)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

ওসি বলেন, “ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুইটি যানবাহনই পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

 “খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়; আর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”

দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।