সোনারগাঁয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারে যাত্রী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চার ছাত্র।
শ্রুবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মাহিমা খাতুন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি রাজধানীর আফতাবনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
আহতরা হলেন মোহাম্মদ আনান (২২), সাইদুল ইসলাম (২২), মো. রাহাত (২২) ও মো. হাবিব (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, একটি সাদা প্রাইভেটকারে করে পাঁচ শিক্ষার্থী চট্টগ্রাম লেন ধরে ঢাকা থেকে মেঘনার দিকে যাচ্ছিলেন।
“তাদের গাড়িটি দড়িকান্দি এলাকায় হঠাৎ ইউটার্ন নিলে উল্টো দিক থেকে আসা ঢাকাগামী লেনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পাঁচ শিক্ষার্থী আহত হন।”
ওসি বলেন, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মাহিমা খাতুন মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
