নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে ‘গাছে বেঁধে মারধর’, একজন আটক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছাত্রলীগের এক নেতাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার রাতের এ ঘটনায় মামলার পর পুলিশ একজনকে আটক করেছে বলে হাতিয়া থানার ওসি আমির হোসেন জানিয়েছেন।
আটক নুরুল আমিন (৫০) ১ নম্বর আসামি মো. শরিফের বাবা। হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চরকৈলাশের বাসিন্দা তারা।
ওসি বলেন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ উদ্দিন শাকিলকে গাছে বেঁধে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলার পর পুলিশ নুরুলকে গ্রেপ্তার করে।
এক মিনিট ২৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, শাকিলকে গাছে বেঁধে মারধর করা হচ্ছে। শাকিল তাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছেন।
স্থানীয়রা জানান, এক তরুণীর সঙ্গে শাকিলের প্রেমের সম্পর্কের জেরে শরিফ তাকে একাধিকবার নিষেধ করেন। শাকিল নিষেধ অমান্য করেন। ঈদের রাতে শরিফসহ কয়েকজন শাকিলকে চোখ বেঁধে নিয়ে যান। পরে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে মারধর করা হয়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
ওসি আমির বলেন, আটক নূরুল আমিনকে ভিডিওতে ঘটনার সময় উপস্থিত থাকতে দেখা গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
