রাজবাড়ীতে গলায় হাড় আটকে শিশুর মৃত্যু
রাজবাড়ী সদরে গলায় গরুর হাড় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার রাতে এ ঘটনার পর শিশুটি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিন মণ্ডল জানান।
আলিফ (১৩) রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কাউন্সিলর বলেন, রাত ৯টার দিকে আলিফ পরিবারের সদস্যদের সঙ্গে গরুর মাংস দিয়ে খাচ্ছিল। এ সময় তার গলায় হাড় আটকে যায়। পরিবারের সদস্যরা সেটি বের করতে ব্যর্থ হয়।
“পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১১টায় সে মারা যায়।“
তিনি আরও বলেন, শিশুটিকে দাফনের জন্য সোমবার গ্রামের বাড়ি কালুখালী উপজেলার মদাপুরে নিয়ে যাওয়া হয়েছে।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখারুল আলম প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তাদের জানা নেই। এ ব্যাপারে কোনো অভিযোগও আসেনি।
