২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে বঙ্গবন্ধুর সমাধি সৌধে মানুষের ঢল

পদ্মা সেতু চালুর পর প্রথম ঈদের ছুটিতেই দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 05:27 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

সোমবার সকাল থেকে বিভিন্ন জেলার দর্শনার্থীরা সমাধি সৌধে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষের ভীড় বাড়তে থাকে। আগের দিন রোববারও মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

এখানে এসে দর্শনার্থীরা মূল সৌধে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর বাবা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুনের কবর জিয়ারত করেন। তারপর তাদের জন্য দোয়া-মোনাজাত করেন। অনেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর দর্শনার্থীরা বঙ্গবন্ধুর আদি পৈতৃক বাড়ি, হিজলতলা চত্বর, বঙ্গবন্ধুর বাল্যকালের স্মৃতি বিজড়িত খেলার মাঠ, বকুলতলা চত্বর, পুকুর চত্বর, পাবলিক প্লাজা, সমাধি সৌধ মসজিদ, বঙ্গবন্ধু সংগ্রহশালা, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, খোলামঞ্চ ঘুরে ঘুরে দেখেন। এ ছাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের সবুজ বনানীর ছায়াতলে বিভিন্ন চত্বরে বসেও সময় কাটান তারা।

বঙ্গবন্ধুর সমাধিতে ঈদের ছুটি কাটাতে পেরে উচ্ছ্বসিত ঢাকা হলিক্রস স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী পূর্বা বলে, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জতির পিতা। তিনি দীর্ঘ লড়াই-সংগ্রাম করে আমাদের একটি দেশ দিয়ে গেছেন। তার জন্য আমরা আত্মপরিচয় পেয়েছি।”

তিনি বলেন, “ঈদের ছুটিতে বঙ্গবন্ধুর সমাধিতে এসে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বড় হতে চাই।”

এই প্রথম বঙ্গবন্ধুর সমাধিতে আসা ঢাকার মোহাম্মদপুর প্রিপেটারি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী নিকিতা বলেন, “পাঠ্যবইতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পেরেছি। তবে টুঙ্গিপাড়ায় ইতিহাসের কাছাকাছি এসে ওনার বিষয়ে আরও নতুন নতুন তথ্য জানতে পেরেছি। এতে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারছি। নিজেকে আমি ধন্য মনে করছি।”

ঢাকার যাত্রাবাড়ীর শামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আব্দুর রহমান জানান, ঢাকা থেকে নড়াইল জেলার বড়নাল গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছেন। সেখান থেকে টুঙ্গিপাড়া এসেছেন।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে দেখেছি। বেশ ভাল লেগেছে। এখানে এসে ঘুরতে ঘুরতে সময় কেটে যায়।”

বঙ্গবন্ধু সম্পর্কে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, “বইপড়ার সময় পাওয়া যায় না। তাই এখানে বঙ্গবন্ধু সম্পর্কে ৩০ মিনিটের ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা করলে ভাল হয়। তা হলে আমরা তাকে নিয়ে আরও ভাল ধারণা নিয়ে টুঙ্গিপাড়া থেকে ফিরতে পারব।”

চট্টগ্রাম শহরের জামাল খান রোডের বাসিন্দা গৃহবধূ রূপালী বড়ুয়া (৫০) বলেন, “পদ্মা সেতু দিয়ে পরিবার-পরিজন নিয়ে আগের অর্ধেক সময়ে টুঙ্গিপাড়া এসেছি। এখানে পাঁচ ঘণ্টা সবুজ বনানীর ছায়ায় সময় কাটিয়েছি। ঘুরে ঘুরে সব কিছু দেখেছি। পরিবারের সবাই বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছি। বঙ্গবন্ধুর সমাধি সৌধ ঘুরে আমরা মুগ্ধ।”

ঢাকার মীরপুরের কাজীপাড়ার বাসিন্দা আলমগীর সিরাজী (৭৫) বলেন, “আমি ইস্ট পকিস্তান ছাত্রলীগের সহসভাপতি ছিলাম। সেই সুবাদে বঙ্গবন্ধুর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। তিনি আমাকে জনতা ব্যাংকে চাকরি দিয়েছিলেন। সেই চাকরি দিয়েই আমি আমার ছেলে-মেয়েদের স্টাবলিশ করেছি।”

“রোববার স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনী নিয়ে প্রথম টুঙ্গিপাড়া এসেছি। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছি। তার জন্য দোয়া-মোনাজাত করেছি। এখানে এসে আমি আবেগে আপ্লুত।”

তার স্ত্রী শিরিন সিরাজী (৬৮) মহিলা আওয়ামী লীগের ঢাকা উত্তরের সিনিয়র সভাপতি।

তিনি  বলেন, “আমরা আওয়ামী পরিবার। আমাদের পূর্বপুরুষরা আওয়ামী লীগ করতেন। সেই ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন। এটি আমাদের তীর্থভূমি।”

“এর আগে দুইবার রাজনৈতিক নেতাদের সঙ্গে টুঙ্গিপাড়া এসেছি। তখনকার অনুভূতি আর আজকের অনুভূতি আলাদা। ঈদের ছুটিতে স্বামী, ছেলে-মেয়ে, নাতি-নাতনী নিয়ে এখানে এসেছি। এটি জীবনের একটি আলাদা অনুভূতি। ভাষায় ব্যক্ত করার নয়।”

গত ঈদের তুলনায় এই ঈদে বঙ্গবন্ধুর সমাধিতে দর্শনার্থী সমাগম অনেক বেশি উল্লেখ করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, “ঈদের আগে স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় এর প্রভাব পড়েছে টুঙ্গিপাড়ায়। ঢাকাসহ দেশের দূরবর্তী জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী বঙ্গবন্ধুর সমাধিতে আসছেন। তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁর জন্য দোয়া মোনাজাত করছে।”