২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় কোরবানির মাংস নিয়ে বোনের বাড়ির পথে বাইক দুর্ঘটনায় পুলিশ নিহত

ঈদের দিন বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্ত্রী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 11:22 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

তারা কোরবানির মাংস নিয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়েন বলে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

রাণীনগর উপজেলার কুজাইল বাজার এলাকায় রোববার সন্ধ্যায় ৬টার দিকে তারা হতাহত হন।

নিহত শাহিন আলম (৪০) রাজশাহীর গোদাগাড়ী থানায় দায়িত্বে ছিলেন। রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ওসমান আলী মোল্লার ছেলে তিনি।

আহত শিপন বেগম একই মোটরসাইকেলে ছিলেন।

তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাণীনগর থেকে পাশের আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় যাওয়ার পথে তারা এই দুর্ঘটনায় পড়ে।

ওসি কালাম প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “শাহিন ঈদের ছুটিতে বাড়ি আসেন। ঈদের দিন সন্ধ্যায় সস্ত্রীক কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেলে বোনের বাড়ি যাচ্ছিলেন।

“পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাকা সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনায় শাহিনের স্ত্রী আহত হন। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে শাহিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি কালাম জানিয়েছেন।