২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়া নিয়ে বিতণ্ডা, যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে এক বাস চালকের সহকারীর বিরুদ্ধে ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2022, 04:27 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

গাজীপুর সদর থানার এসআই সাইদুর রহমান খান জানান, বাংলাদেশ কৃষিগবেষণা ইনস্টিটিউটের গেটের অদূরে ঢাকা-শিববাড়ি সড়কে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাকওয়া পরিবহন বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশ। 

Image
মৃত সায়েমের বাবা

মৃত সায়েমের বাবা

মৃত সায়েম (২০) ময়মনসিংহের নান্দাইল থানার আওলাপাড়া এলাকার মো. আবু সাইদের ছেলে। তিনি গাজীপুর গরের উত্তর ছায়াবীথি এলাকায় আলিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় শিববাড়ি একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন।

আটকরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ থানার কুটিপাড়া এলাকার আব্দুর মাহমুদের ছেলে বাসচালক মো. সফিকুল ইসলাম (২৬) ও তার সহকারী নেত্রকোণার মোহনগঞ্জ থানার মাগান এলাকার ফারিজ ওরফে হারিজ মিয়ার ছেলে হীরা মিয়া (২৭)।

এলাকাবাসীর বরাতে এসআই বলেন, “সায়েম কর্মস্থলে যাওয়ার জন্য বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন। পথে ভাড়া নিয়ে চালকের সহকারীর সঙ্গে সায়েমের বিতন্ডা হয়। পরে সায়েম শিববাড়ি বাসস্ট্যান্ডে নামতে চাইলেও বাস থামানো হয়নি।

“পরে সায়েমকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেইটের অদূরে এশিয়ান ফার্নিচারের দোকানের সামনে নিয়ে ফেলে দেয় হীরা। এ সময় বাসটি সায়েমের উপর দিয়ে চলে গেলে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

সায়েমের বাবা আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলেকে বাসের চালক ও হেল্পার বাস থেকে ফেলে হত্যা করেছে। আমি এর বিচার চাই।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।