২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে একজনকে গলাকেটে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যক্তিকে বাড়ির ভেতরে গলাকেটে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2022, 01:30 PM

Updated : 14 Jul 2022, 06:28 PM

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার তেলিগাঁতি ইউনিয়নের মধ্যম তেলিগাঁতি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোখলেছুর রহমান খানের (৭০) বাড়ি ওই গ্রামে। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন।

সোমবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা মোখলেছুরকে হত্যা করেছে বলে পুলিশ জানালেও হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

তার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মোখলেছুর একাই তার বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী সম্পর্কের এক ভাতিজা মোখলেছুরকে ডাকতে তার বাড়িতে যায়। এ সময় অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে রান্না ঘরে গিয়ে দেখেন মোখলেছুর উপড় হয়ে আছেন আর পাশে রক্ত গড়িয়ে পড়ছে। তখন ওই ব্যক্তি মোখলেছুরকে ধরে সোজা করতেই দেখেন তার গলাকাটা।

বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা এই বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

তিনি বলেন, হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে থাকলেও তারা কেউ এই বাড়িতে থাকেন না।