সুনামগঞ্জে জেনারেটরের বিদ্যুতে চলছে পাম্প, নিরাপদ পানি দিচ্ছে বিজিবি
বিদ্যুৎ না থাকায় জেনারেটরের বিদ্যুতে পাম্পে চালিয়ে সুনামগঞ্জ শহর ও শহরতলিতে বানভাসী মানুষকে খাবার পানি সরবরাহ করছে বিজিবি। একই সঙ্গে তারা চিকিৎসা, ওষুধ ও রান্না করা খাবারও দিচ্ছে।
নিরাপদ পানি সরবরাহ করায় পানির সংকটে থাকা মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, সুনামগঞ্জ এখনও কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন। বিদ্যুৎ, যোগাযোগ ও টেলিনেটওয়ার্ক বন্ধ থাকায় মানুষ চরম সংকটে। দুর্ভোগের কথা কাউকে জানাতে পারছে না।
“সুনামগঞ্জের পুরো জেলার মানুষের একই অবস্থা। আশ্রয় ও খাদ্য তাদের প্রয়োজন। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না। আমরা বিজিবির পক্ষ থেকে স্থানীয়ভাবে ভয়াবহ দুর্যোগের পর থেকেই ত্রাণ, রান্না করা খাবার, নিরাপদ পানি, বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা ও ওষুধ সেবা দিয়ে যাচ্ছি।”
তিনি বলেন, বাস্তবতা হচ্ছে সব মানুষের একই অবস্থা। তারা চেষ্টা করছেন এই দুর্যোগে মানুষকে সহায়তা করতে।
“আমাদের দুটি বিউপির কার্যক্রম বন্যার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। জেলা হেডকোয়ার্টার এখনও নিমজ্জিত। তারপরও মানুষের এই দুঃসময়ে আমরা চেষ্টা করছি সেবা দিতে।”
গত রোববার থেকে বিজিবি সুনামগঞ্জের মেডিকেল অফিসার মেজর ডা. নাজমুল হাসান প্রতিদিন ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের সামনে রোগীদের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।
শত শত মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
রংপুর থেকে সুনামগঞ্জ আসা জুনু মিয়া বলেন, “আমি রাজমিস্ত্রি হিসেবে কাজ করতে এখানে এসেছি। বন্যার কারণে থাকা ও খাওয়ার সমস্যা। কোনো আত্নীয় নেই যে সহযোগিতা পাব। আমার অবস্থা খু্বই খারাপ। এখন সকাল বিকাল বিজিবির কাছ থেকে রান্না করা খিচুড়ি ও বিশুদ্ধ পানি পাচ্ছি। না হলে মারা যেতাম।”
পৌর শহরের মল্লিকপুরের ইসমাইল বলেন, “গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ নাই। পানির জন্য হাহাকার চলছে। খাওয়া তো দূরের কথা পানির অভাবে জরুরি ওষুধও খাওয়া যাচ্ছে না। এখন বিজিবির কাছ থেকে পানি পেয়ে আমার মতো শত শত মানুষ কোনমতে বেঁচে আছে।”
সদর উপজেলার গুচ্ছ গ্রামের জয়মালা বেগম বলেন, “কোমরপানিতে ঘরে আটকে ছিলাম। একদিন পর কোনোমতে বেরিয়ে এসেছি। পানিতে ডুবে থাকায় অসুস্থ হয়ে যাই। রাস্তাঘাট ডুবে থাকায় চিকিৎসা নিতে পারছি না। আজ বিজিবির এখানে এসে চিকিৎসা ও ওষুধ পেলাম।”
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের মলয় দাস বলেন, “বিজবি আমাদেরকে রান্না করা খাবারের পাশাপাশি ত্রাণও দিচ্ছে। প্রতিদিন তারা কোনো না কোনো গ্রামে ত্রাণ দিচ্ছে। যেখানে কেউ কারো খবর নিতে পারছে না সেখানে বিজিবি বন্যাক্রান্ত মানুষকে ত্রাণ দিচ্ছে।”
সুনামগঞ্জের হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার বলেন, “সুনামগঞ্জের ২৯ লাখ মানুষ এখন অসহায়। সবার সহযোগিতা প্রয়োজন। এই দুঃসময়ে দেশপ্রেমিক বিজিবি যেভাবে সহায়তা দিয়ে যাচ্ছে তাতে আমরা কৃতজ্ঞ।”
