পানিতে আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত
টনা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে।
বন্দরের পাশে সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয় বলে বন্দর পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন জানান।
তিনি বলেন, শনিবার শুধু মাছ ও গ্যাসের পাঁচটি চালান আগরতলা বন্দরে প্রবেশ করেছে। পণ্যবোঝাই অন্তত ২০টি ট্রাক আটকা পড়ে আছে।
এসব ট্রাক ট্রাকইয়ার্ডে রাখা হলেও শেড না থাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
পরিদর্শক বলেন, “বন্দরের পাশে সড়কগুলো তলিয়ে যাচ্ছে। ওপারের অবস্থাও খারাপ বলে শুনেছি। বৃষ্টি অব্যাহত থাকলে বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হবে।“
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেট জেলার ৮০ শতাংশের বেশি ডুবে গেছে। দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে হুমকির মুখে।
