মোগরাপাড়া ইউনিয়নে নৌকাকে পেছনে ফেলল স্বতন্ত্র প্রার্থী
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থীকে পরাজিত করে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু।
বুধবার সন্ধ্যায় বেসরকারি ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনিকে পরাজিত করে ১ হাজার ১৩২ ভোটে তৃতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন বাবু।
এ ইউনিয়নের মোট ১২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী- সোহাগ নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৭ ভোট ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ পেয়েছেন ৮ হাজার ৩৯৯ ভোট।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়।
জয়ের পর আরিফ মাসুদ বলেন, “আমি জনগনের অনুরোধে প্রার্থী হয়েছি। এ জয় মোগরাপাড়া ইউনিয়নের জনগনের।“
সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠ ও সুন্দর ছিল। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। ইভিএম এখানে অনেকের কাছে নতুন হওয়াতে ও অনেকের হাতের ছাপ না মেলায় কিছুটা ধীরগতি ছিল। এতে কোন সমস্যা হয়নি। নির্বাচন সুষ্ঠ হয়েছে।”
