২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2022, 09:42 AM

Updated : 25 Oct 2022, 10:44 AM

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ভোগড়া বাইপাস এলাকার বর্ষা সিনেমা হলের পাশে অ্যাপারেলস্ প্লাস লিমিটেড নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, “ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর এবং আগুন লাগার কারণ জানা যায়নি।”

কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, “কারখানার সাততলা ভবনের চতুর্থতলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে।”

“মুহূর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবরে শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”