২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বন্ধুর ঘরে পোঁতা ভ্যান চালকের লাশ, আটক ৩

নওগাঁর রাণীনগর উপজেলায় বন্ধুর ঘরের মেঝেতে পুঁতে রাখা এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 12:26 AM

Updated : 02 Aug 2022, 01:45 PM

উপজেলার পূর্ব বালুভরা গ্রামের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান।

নিহত হযরত আলী (২৩) ওই গ্রামের জমসেদ আলীর ছেলে।

এ ঘটনায় হযরত আলীর ওই বন্ধুসহ তিন জনকে আটক করেছে।

পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে হযরত আলী বাড়িতে না থেকে পাশেই তার বন্ধু নাহিদের বাড়িতে থাকতেন। জমসেদ আলী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থানায় গিয়ে বলেন, গত ৩ জুন হযরত আলী নিখোঁজ হয়েছেন।

“অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নাহিদকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে তারই বাড়ির মেঝের মাটির নিচে পোঁতা হযরতের লাশ উদ্ধার করা হয়।”

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের নাহিদ ইসলাম, রবিউল ইসলাম ও শাহিন আলম নামে তিন যুবককে আটক করা হয়েছে।

মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।