সুন্দরবনে নদী-খালে ‘অবৈধ প্রবেশ’, ১২ জেলে আটক
নিষেধাজ্ঞার মধ্যে নদী-খালে মাছ শিকারের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ১২ জেলেকে আটক করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আড়াইবেকি খালের মোহনা থেকে বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয় বলে বনকর্মকর্তারা জানান।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, গত ১ জুন থেকে আগামী তিন মাসের জন্য (৩১ অগাস্ট পর্যন্ত) পর্যটকসহ বনের উপর নির্ভরশীল সব পেশার মানুষের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
“এই নিষেধাজ্ঞার ভেতর একদল মাছ শিকারি লুকিয়ে সুন্দরবনে প্রবেশ করে মাছ শিকার শুরু করে।”
আসাদুজ্জামান বলেন, বনবিভাগের স্মার্ট প্রেট্রোলিংয়ের বনরক্ষীরা গোপন সংবাদ পেয়ে শরণখোলা রেঞ্জের আড়াইবেকি খালের মোহনা থেকে নৌকা ও মাছ ধরার সরঞ্জামসহ ১২ জেলেকে আটক করেছেন।
এদের কাছ থেকে ৪টি ডিঙি নৌকা, ৮টি রেনু পোনা ধরার জাল, ৪টি সৌর সোলার প্যানেল, ৪টি ব্যাটারিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এরা সংঘবদ্ধভাবে বাগদা ও গলদার রেনুপোনা আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করেছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের খালেক জমাদ্দার (৬৬), মিরাজ হাওলাদার (৬৫), ছগির হাওলাদার (৪৩), সামাদ হাওলাদার (৩২), মালেক জমাদ্দার (৫০), জলিল হাওলাদার (৪৫), ছিদ্দিকুর রহমান (৪০), রফিকুল হাওলাদার (৩৮), হালিম পহলান (৪০), শরণখোলা গ্রামের নজরুল হাওলাদার (৪২), ইসমাইল হাওলাদার এবং উত্তর সাউথখালী গ্রামের হাবিব শেখ (৫০)।
