২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পুকুরে ডুবে ৩ রোহিঙ্গা শিশু-কিশোরের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক দুই ঘটনায় পুকুরে ডুবে তিন শিশু-কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জসিম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 09:10 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

সোমবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান ২৬ নম্বর শিবির সংলগ্ন এজাহার মিয়া কোম্পানির ইটভাটা পুকুর এবং নয়াপাড়া রেজিস্টার্ড শিবিরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে বলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক জানান।

নিহতরা হলো- জাদিমোরা শালবাগান শিবিরের ই-৩ ব্লকের বাসিন্দা মুহাম্মদ শাকেরের ছেলে মো. কামাল সাদেক (৬), একই শিবিরে ই-২ ব্লকের বাসিন্দা নুর বাশারের ছেলে মো. ইয়াসের (৮) এবং নয়াপাড়া রেজিস্টার্ড শিবিরের বি ব্লকের মো. আইয়ুবের ছেলে মোহাম্মদ সাইফুল (১৪)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টায় এজাহার মিয়া কোম্পানির ইটভাটার মাঠে খেলাধুলা করে কয়েকজন রোহিঙ্গা শিশু। পরে তারা সেখানকার পুকুরে গোসলে নামে। তখন কামাল ও ইয়াসের ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে শিবিরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে ছাগল চড়াতে গিয়ে নয়াপাড়া রেজিস্টার্ড শিবিরের পুকুরে পড়ে যায় কিশোর সাইফুল। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শিবিরের আইপিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে। বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এপিবিএন অধিনায়ক তারিক বলেন, তিন শিশু-কিশোরের নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।