শরীয়তপুরে ‘মারধরে’ প্রবাসীর মৃত্যু: পুলিশের বিরুদ্ধে মামলা
শরীয়তপুরে ‘মারধর ও তাড়া খেয়ে’ এক ইতালি প্রবাসীর মৃত্যুর ঘটনায় পুলিশের এসআই ও কনস্টেবলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বাদীর আইনজীবী মুরাদ মুন্সী জানান, মঙ্গলবার নিহতের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেছেন।
তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়েছে এবং এ ব্যাপারে পুলিশ কী ব্যবস্থা নিয়ে তা চার কর্মদিবসের মধ্যে জানাতে বুধবার নড়িয়া থানাকে নির্দেশ দিয়েছে।
আসামিদের মধ্যে দুই পুলিশ সদস্য হলেন নড়িয়া থানার এসআই ইকবাল হোসেন ও কনস্টেবল নাজিম উদ্দিন; অন্য আসামিরা হলেন রুবেল সরদার (৩০), তুহিন পেদা (৩২), লিজা বেগম (২০), রফিক পেদা (৪৮), মাসুদ পেদা (৪৬), দিপক পেদা (৪৪), সাইমন মৃধা (৩০) ও সোহাগ মৃধা (২৮)।
মামলায় অভিযোগ করা হয়, ২৩ মার্চ [বুধবার] শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামনিক ইউনিয়নের পন্ডিতসার দক্ষিণ পাড়ার ইতালি প্রবাসী প্রয়াত ফজল হক হাওলাদারের ছেলে চাঁন মিয়া হাওলাদারের সঙ্গে একই উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নলতা গ্রামের মতি সরদারের ছেলে রুবেল সরদার ও ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামের আব্দুর রাজ্জাক পেদার ছেলে তুহিন পেদার কথা কাটাকাটি হয় নড়িয়া বাজারে।
“কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল সরদার ও তুহিন পেদা প্রবাসী চাঁন মিয়া হাওলাদারকে মারধর করেন।”
অভিযোগে আরও বলা হয়, পরদিন বৃহস্পপতিবার তারাই আবার উল্টো নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ২২ মার্চ নড়িয়া থানার এসআই ইকবাল হোসেন ও কনস্টেবল নাজিম উদ্দিন অভিযোগকারী রুবেল সরদার ও তুহিন পেদাকে সাথে নিয়ে চাঁন মিয়া হাওলাদারের বাড়ি যান।
পুলিশ ও অভিযোগকারী দুজন মিলে চাঁন মিয়া হাওলাদারকে তার ঘরের ভিতর মারধর করেন; তখন চাঁন মিয়া হাওলাদার জীবন বাঁচাতে দৌড়ে পালাবার চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদী আরও অভিযোগ করেন, ওই সময় তুহিন, রুবেল ও পুলিশ চাঁন মিয়াকে ধাওয়া করে এবং হুয়ার পাড় বিলে গিয়ে তাকে পুলিশ ও বাদীপক্ষের লোকজন আবার মারধর করে। পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন এসআই ইকবাল হোসেন ও কনস্টেবল নাজিম উদ্দিনসহ অন্যরা তাকে ফেলে রেখে চলে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঘড়িসার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের স্ত্রী ও মামলার বাদী পারুল বেগম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্বামীকে নড়িয়া থানার এসআই ইকবাল হোসেন, কনস্টেবল নাজিম উদ্দিন এবং রুবেল সরদার, তুহিন পেদা গংরা পিটিয়ে হত্যা করেছে। আমি নড়িয়া থানায় মামলা করতে গেলে প্রথমে নড়িয়া থানার ওসি মামলা নিতে গড়িমসি করেন। পরে পুলিশ সদস্যদের নাম বাদ দিয়ে একটি মামলা নেন।
“আমি গতকাল [মঙ্গলবার] এস আই ইকবাল হোসেন ও কনস্টেবল নাজিম উদ্দিনসহ ১০ জনকে আসামি করে শরীয়তপুর আদালতে একটি মামলা দায়ের করেছি। মামলা করার পর থেকে নানারকম হুমকি ধামকি আসছে।”
এ ব্যাপারে নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আবীর হোসেন বলেন, “আমি নড়িয়া থানায় নতুন এসেছি। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।”
নড়িয়া থানার ওসি অবনী শংকর করকে বার বার ফোন করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান বলেন, “আপনারাই সবকিছু জানেন। এ বিষয়ে আমি কিছু বলব না।”
মামলার আসামি দুই পুলিশ সদস্য নড়িয়া থানার এসআই ইকবাল হোসেন ও কনস্টেবল নাজিম উদ্দিনের সঙ্গেও যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।
