২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে স্ত্রী-সন্তানের রক্তাক্ত লাশ, পলাতক রিকশাচালক

গাজীপুর মহানগরের একটি বাসা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।   

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 01:12 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

রোববার গভীর রাত ৩টার দিকে বোর্ডবাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান।

নিহতরা হলো রহিমা খাতুন (৩৮) ও তার ছেলে রোকন (১৭)।

রহিমা খাতুন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিনের (৬০) স্ত্রী। পেশায় রিকশাচালক মফিজ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। 

নিহতের বড় বোন হাফিজা খাতুন গণমাধ্যমকে বলেন, রহিমা ও মফিজ উভয়েই দ্বিতীয় বিয়ের পর সংসার শুরু করেন। গাজীপুরে তারা ভাড়া থাকতেন। রহিমার প্রথম স্বামীর সন্তান রোকন। সে মায়ের সঙ্গে থাকত। রহিমা ও মফিজের দুটি সন্তান রয়েছে। তাদের নাম আল আমিন (৮) ও মোরসালিনা (৫)।

তিনি বলেন, তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। রহিমাকে মারধর করত মফিজ। রোববার সন্ধ্যা ৭টার দিকে মফিজ বাসায় আসে। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে।

“মফিজ ঘুমন্ত স্ত্রী রহিমা এবং রোকনকে বটি দিয়ে গলায় কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে বলে জানতে পেরেছি।”

গাছা থানার ওসি মো. ইসমাইল গণমাধ্যমকে বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, মা ও সন্তানরা একই ঘরে থাকত। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাতে মফিজ তার স্ত্রী ও রোকনকে বটি দিয়ে কোপাতে থাকে। 

“এ সময় রহিমা ও রোকনের চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠে অন্য দুই শিশু। তারা মফিজকে ঘর থেকে বের হয়ে যেতে দেখে। ঘর থেকেই রক্তাক্ত বটিটি উদ্ধার করা হয়েছে।”

ওসি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মফিজকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।