২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইছামতীতে পলো বাইচ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 02:23 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

শনিবার উপজেলার যাত্রাপুর এলাকার ইছামতী নদীতে এ উৎসব হয়।

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েকশ সৌখিন মাছ শিকারি পলো বাইচ উৎসবে অংশ নেন। পলো, ঝাঁকি জাল, দোরাসহ নানা উপকরণ নিয়ে মাছ ধরায় মেতে ওঠেন শিকারিরা। 

উপজেলার চালা ইউনিয়নের কচুয়া গ্রামের রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আশপাশের গ্রাম থেকে কয়েকজন মাছ ধরতে আসছি। তবে বড় মাছ নেই। আশানুরূপ মাছও পাইনি। ছোট ছোট শোল পেয়েছি।”

আরেক সৌখিন মৎস্য শিকারি কাণ্ঠাপাড়া বাজারের পোলট্রি ব্যবসায়ী সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের মতো পলো উৎসব হয় না। সকালে বাজারে বেচাকেনা করে মাছ ধরতে এসেছি। বড় মাছ কম। কয়েকটি নওলা মাছ আর ছোট টাকি মাছ পেয়েছি। পলো উৎসবে অনেক আনন্দ।”

যাত্রাপুর গ্রামের রিকশাচালক হাকিম মিয়া বলেন, “রিকশা চালানো বাদ দিয়ে মাছ ধরতে নামছি। বড় মাছ নেই নদীতে। ছোট ছোট কয়েকটা মাছ ধরছি। ছোটকালে কত দূর-দূরান্তে পলো বাইচে যাইতাম। ওইদিন আর নেই।”

উপজেলার লেছড়াগঞ্জ বাজারে সংগীতা ফার্মেসির কর্ণধার বাঁধন সাহা বলেন, “এখন তো নদীতে তেমন মাছ নেই, খাল-বিলে আর কী থাকবে? তারপরও ইছামতী নদীতে পলো উৎসবের মাধ্যমে আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে পারছি এটাই অনেক কিছু। কয়েকশ লোক মাছ ধরতে নদীতে এসেছে। এটা প্রমাণ করে মানুষ এখনও গ্রামীণ ঐতিহ্যকে ভালোবাসে।”

হরিরামপুর উপজেলা মৎস‌্য কর্মকর্তা সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পলো বাইচ উৎসব গ্রামবাংলার ঐতিহ্য। হরিরামপুরে এসে দিয়ার বিল ও পদ্মার চরে পলো বাইচের কথা শুনেছি। আজ ইছামতী নদীতে পলো বাইচের কথা শুনেছি। সবার অংশগ্রহণে এ উৎসবে আনন্দের কোনো কমতি থাকে না।”

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পলো বাইচের কথা শুনে নিজেরও মাছ ধরার ইচ্ছে জেগেছে। একসঙ্গে নদীতে মাছ ধরাটা অনেক আনন্দের।”